চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের হামলায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ছয় কর্মচারী আহত হয়েছেন। এ সময় তিনটি গাড়ি ভাংচুর করা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার বুলনপুরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুলনপুরে নেসকোর নিষেধ উপক্ষো করে বিদ্যুতের তার টানার কাজ করছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এ সময় নেসকো কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে তাদের কাজ করতে নিষেধ করেন। পরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা নেসকো কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে নেসকোর ছয় কর্মচারী আহত হন। ভাংচুর করা হয়েছে তিনটি গাড়ি।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, পুলিশ চারজনকে আটক করেছে। তবে এ ঘটনায় মামলা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নেসকো-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিউল আজিম বলেন, ‘বুলনপুরে নেসকোর সংযোগ রয়েছে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি সেখানে কাজ করতে গেলে বিষয়টি তাদের কর্ম এলাকার বাইরে বলে চিঠিও দেয়া হয়। সেই চিঠি উপেক্ষা করে পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছিল। এ সময় তাদের কাজ করতে নিষেধ করলে দলবদ্ধ হয়ে নেসকো কর্মচারীদের মারধর এবং তিনটি গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।