ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১টি বোয়িং

ইউএস-বাংলা জানায়, প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে ২০২৭ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও আশপাশের কয়েকটি নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও কলম্বোকে নতুন গন্তব্য হিসেবে যুক্ত করার প্রস্তুতি চলছে

ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে ২০২৭ সালের মধ্যে যুক্ত হতে যাচ্ছে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ। এজন্য প্রায় ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বেসরকারি এ সংস্থা। এতে আন্তর্জাতিক রুটে সংস্থাটির সক্ষমতা বাড়বে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

ঢাকায় আজ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এয়ারলাইনসটির সূত্রে জানা গেছে, প্রায় ১৫০ কোটি ডলার ব্যয়ে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ কেনা হবে।

অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটে পরিচালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর ফলে বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ সাশ্রয় করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, এ বিনিয়োগ শুধু একটি প্রতিষ্ঠানের সম্প্রসারণ নয়। এটি দেশের বিমান চলাচল খাতের সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার বিমান চলাচল খাতকে একটি সুনির্দিষ্ট মহাপরিকল্পনার আওতায় নিয়ে কাজ করছে। তিনি জানান, বেসরকারি খাতের উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, বগুড়ায় একটি পাইলট প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হবে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে আড়াই কোটি যাত্রীর যাতায়াতের সক্ষমতা তৈরি হবে। তার মতে, ইউএস-বাংলার নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থা আরো গতিশীল হবে।

ইউএস-বাংলা জানায়, প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে ২০২৭ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও আশপাশের কয়েকটি নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম ও কলম্বোকে নতুন গন্তব্য হিসেবে যুক্ত করার প্রস্তুতি চলছে।

আরও