বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১

বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি পিরোজপুরের স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন। এ সময় আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও