রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ছাড়া অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন এবং মো. ফয়সাল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় শুরু হওয়া এই অভিযানে দুটি বিদেশী রিভলবার ও গুলি, একটি এয়ার গান, ছয়টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, দেশী-বিদেশী কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশী-বিদেশী মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করবে) এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো এরই মধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
এতে আরো বলা হয়, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।