চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নারী শিক্ষার্থীকে হেনস্তা ও যৌন নিপীড়নের অভিযোগে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ নূর হোসেন শাওন, তার রেজিস্ট্রেশন নম্বর- ২০২২০২৪৫২৭৮। ডিগ্রি পাস এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ মাসুদ রানা, তার রেজিস্ট্রেশন নম্বর- ১৯১০২১৬৫৫২৯।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষার্থীর সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল করা হয়েছে। কেন তাদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিল করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ১০ দিনের মধ্যে উক্ত নোটিশের জবাব দেয়ার জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
এছাড়া ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্তা ও যৌন নিপীড়নের ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা চর্চা এবং মূল্যবোধের অবক্ষয় রোধে কাউন্সেলিং করানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।