ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আবেদনের পর এ নির্দেশ দেয়া হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ফেনী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্য রেহানা আক্তার রানু ফেনী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই সম্ভাব্যতা যাচাই এবং পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের। চলতি বছরের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দেন।
গত এপ্রিলে জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি প্রস্তাবটি উত্থাপন করেন। জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক ও যন্ত্রপাতিসহ বিভিন্ন প্রস্তুতি নিশ্চিত করার বিষয় তুলে ধরা হয়। পরে মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।
এর পরও দাবি অব্যাহত থাকে। গত ৯ জুন সংসদে রেহানা আক্তার রানু ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবি জানান। এছাড়া নির্বাচনের আগ থেকেই ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে প্রত্যাশার কথা বলে আসছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।
এবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিকে নতুন করে আলোচনায় এনেছে।