করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ঘরে অবস্থানের সরকারি নির্দেশনা লঙ্ঘন করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখা, জনসমাগম ও আড্ডা দেয়া বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ২৪ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এ ২৩ দিনে জেলা সদর, কামারখন্দ, শাহজাদপুর ও উল্লাপাড়াসহ জেলার নয়টি উপজেলায় মোট ১৩৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি নির্দেশনা লঙ্ঘনের অপরাধে ১ হাজার ১৫টি মামলায় ১ হাজার ১৩২ জনকে বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড দেয়া হয়েছে। মোট অর্থদণ্ডের পরিমাণ ২০ লাখ ৮৬ হাজার ৭৬০ টাকা ।
আজ শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়ে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের নির্দেশে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ৩১ জন ম্যাজিস্ট্রেট সম্পৃক্ত রয়েছেন।