ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রধান অতিথি ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে নেসমেত্তিন বিলাল এরদোগান, বিশেষ অতিথি ছিলেন টিকার প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাকসু নেতারা ও শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার বাংলাদেশে আসেন ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। তার সফরের বিষয়টি আগে থেকে প্রকাশ না পেলেও ঢাবি ক্যাম্পাসে উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। প্রিয় তারকাকে দেখতে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টার এলাকায় ভিড় জমান শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকার আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটির সম্পূর্ণ অর্থায়ন করেছে টিকা।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘তুরস্ক ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের প্রতিফলন এ মেডিকেল সেন্টারের সংস্কার ও আধুনিকায়ন। সংস্কার কার্যক্রমের পাশাপাশি সেন্টারে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ, আধুনিক এক্স-রে মেশিনসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। এসব সংযোজন জরুরি চিকিৎসাসেবাকে আরো কার্যকর করবে।’
প্রধান অতিথির বক্তব্যে নেসমেত্তিন বিলাল এরদোগান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী এবং এ প্রকল্প দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।’