গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বীম ঢালাই করতে গিয়ে সাদা মিয়া ওরফে বাবু (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সাদা মিয়া ওরফে বাবু উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সাঘাটা উপজেলার পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সাঘাটা উপজেলা এলজিইডির প্রকৌশলী নয়ন রায় মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পদুমশহর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য এলজিইডির তত্ত্বাবধানে বীম ঢালাই চলছিল। ঢালাইয়ের ফিনিশি করতে ভাইব্রেটর মেশিনের তার লিকেজ হয়ে বিদ্যুৎপৃষ্টে সাদা মিয়া ওরফে বাবু মারা যান। এলাকাবাসীর দাবি, মেঘলা আকাশে টিপ টিপ বৃষ্টির দিন হওয়ায় বৈদ্যুতিক সংযোগে পানি থাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জানান, এ ঘটনাটি এখনো আমি জানি না, জানার পর আইনগত ব্যবস্থা নেব।