২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ক ডিগ্রি প্রদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য ৯৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যার বিপরীতে কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে ৩ হাজার ৮৬৩। ফলে একটি আসনের জন্য প্রতিযোগিতা করতে হবে ২৫ জন শিক্ষার্থীকে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন।
ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একযোগে ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রসমূহ হলো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ, গত শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের মোট আসন ছিল ৩ হাজার ৭১৮টি এবং আবেদন করেছিলেন ৭৫ হাজার ১৭ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এবং প্রতিযোগিতা উভয়ই বেড়েছে।