খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক ছাড় সরকারের

খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

আসন্ন রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। আজ বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ লক্ষ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া, খেজুর ও অন্যান্য ফল আমদানিতে গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে তা এ বছরেও বহাল আছে।

এনবিআর মনে করছে, খেজুর আমদানিতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেয়ার কারণে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

আরও