তদন্ত প্রতিবেদনের ফল

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল

২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন সংবাদমাধ্যমকে দেয়া হয়। প্রতিবেদনে ১২ ব্যক্তির সাক্ষাৎকার নেয়ার কথা বলা হয়েছে ও তাদের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সিদ্ধান্তেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে বাংলাদেশ ক্রিকেট দলের না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ফুটে উঠেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান আসিফ নজরুলের সিদ্ধান্তে সায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে বাংলাদেশের না খেলার বিষয়টি তদন্তে গত মার্চে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্ত কমিটি গঠন করে, যে কমিটির প্রতিবেদন গতকাল প্রকাশ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. একেএম ওলি উল্যার নেতৃত্বে তিন সদস্যের এ তদন্ত কমিটিতে সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, ‘তদন্তে যা উঠে এসেছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সবকিছু মিলিয়ে যা বলা যায়, যে মানুষটি দায়ী (বিশ্বকাপে না যাওয়ার জন্য), তিনি হলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সে সময়ের সরকার ও তিনি দায়ী।’

ব্যারিস্টার ফয়সাল দস্তগীর জানান, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবিতে চিঠি পাঠিয়ে জানানো হয় তাদের সিদ্ধান্ত। বিসিবি সেই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত করেনি। বিশ্বকাপে খেলার বিষয় নিয়ে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, ‘বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।’

২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন সংবাদমাধ্যমকে দেয়া হয়। প্রতিবেদনে ১২ ব্যক্তির সাক্ষাৎকার নেয়ার কথা বলা হয়েছে ও তাদের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, বিসিবির কোচ ও ওই সময়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ওই সময়ের বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের সাক্ষাৎকার নেয়া হয়েছে।

এছাড়া যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলেছে কমিটি। সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে এ কমিটি সাক্ষাৎকার নেয় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের। তবে বিতর্কের কেন্দ্রে থাকা অধ্যাপক আসিফ নজরুল ও তখনকার বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বারবার নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি বলে জানায় তদন্ত কমিটি।

২০ দলের বিশ্বকাপে বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তের শ্রীলংকার মাঠে খেলতে চাইলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিংবা ভারত এতে রাজি হয়নি। ফলে বাংলাদেশ এ আসরে দর্শক হয়ে থেকেছে। তাদের জায়গায় খেলার সুযোগ দেয়া হয় স্কটল্যান্ডকে।

আরও