বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ২০২৪ সালে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এসব আন্দোলন-সংগ্রামের মূল লক্ষ্য ছিল বাকস্বাধীনতা নিশ্চিত করা ও একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ে তোলা। তবে একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ এবং পাঁচদোনায় দুটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি একটি জননির্ভর রাজনৈতিক দল। অরাজকতা সৃষ্টি কিংবা ভোট কারচুপির মাধ্যমে বিএনপি কখনো রাষ্ট্রক্ষমতায় আসেনি। যাদের গণভিত্তি নেই, তারাই অন্ধকার পথ বেছে নেয়।
সম্প্রতি কয়েকটি দলের বক্তব্য ও ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।
তিনি বলেন, উল্টাপাল্টা বক্তব্য দিয়ে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের মনোভাব বুঝতে হয়। বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। এ দল একদিনে গড়ে ওঠেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এ দলের হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে গুমের শিকার হয়েছেন এবং দীর্ঘ দেড় যুগ ফেরারি জীবন কাটাতে হয়েছে।