রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব রোখছানা বেগমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ড. সেলিনা আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিরও সভাপতি।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতারকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে চার বছরের জন্য নিয়োগ করা হলো।
এই নিয়োগের মধ্য দিয়ে প্রথম বারের মতো নারী ভাইস চ্যান্সেলর পেল রাবিপ্রবি। এর আগে দুই মেয়াদে রাবিপ্রবির দায়িত্ব পালন করেছিলেন প্রথম ভাইস চ্যান্সেলর ড. প্রদানেন্দু চাকমা। তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গত ২৩ মার্চ চট্টগ্রাম বিশ্বদ্যিলয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে নিয়োগ দেয়া হয় ভিসি পদে। তবে ভিসি হিসাবে তিনি রাবিপ্রবিতে যোগদান না করায়, এতদিন ভিসি ছাড়াই চলছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। এবার চবির আরেক অধ্যাপককে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।