অবরুদ্ধের ৯ ঘণ্টা পর মাইলস্টোন কলেজ ত্যাগ করলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা বের হন। সকাল থেকেই তারা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ ছিলেন।

বিক্ষোভের মুখে কলেজে অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ ত্যাগ করেছেন। আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা বের হন। সকাল থেকেই তারা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শনে যান। তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তখন তাদেরকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। উত্তেজনা ছড়িয়ে পরলে উপদেষ্টারা দ্রুত স্কুলে আশ্রয় নেন। দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সামনে এসে কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান ঘোষণা দেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে। উপদেষ্টারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। তবে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে— হতাহতের সেই পূর্ণাঙ্গ তালিকা ছাড়া ক্যাম্পাস ছাড়তে রাজি না শিক্ষার্থীরা।

এরপর তিনটার দিকে মূল ক্যাম্পাস ছেড়ে বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিকাল সাড়ে তিনটায় কলেজ থেকে পুলিশি প্রহরায় বের হন উপদেষ্টারা। এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের দেখা যায়নি। উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি গোল চত্বরে গেলে বিকাল পৌনে চারটার দিকে বাধা দেন শিক্ষার্থীরা। বিকাল ৫টা ৫২ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনে ফিরে আসে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের গাড়িবহর। অবরুদ্ধের ৯ ঘণ্টা পর মাইলস্টোন কলেজ ত্যাগ করলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব।

বিপুল সংখ্যক পুলিশের পাহাড়ায় তারা দিয়াবাড়ি এলাকা ত্যাগ করেন। এ সময় পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন সদস্যসহ সেনা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল।

আরও