ধর্ষণের মতো অপরাধে জড়িত ব্যক্তি, তাদের আশ্রয়দাতা ও সহযোগীদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে এবং তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা আশ্রয়ের সুযোগ দেয়া হবে না।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সংসদ সদস্য ও কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশে সরকার গঠিত হয়েছে। শহীদদের অমর্যাদা হয় এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। তাই অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা আশ্রয় পাওয়ার কোনো সুযোগ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংবিধান অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। আগামী সংসদের প্রথম অধিবেশনেই এসব অধ্যাদেশ বিল আকারে উপস্থাপন করা হবে।
আইনমন্ত্রী বলেন, নরসিংদীর আলোচিত ধর্ষণ মামলায় যারা জড়িত, তাদের আশ্রয় দিলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলার সময় তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দ্রুত বিচার সম্পন্ন হয়েছিল। নরসিংদী ও ঝিনাইদহের শিশু তাবাসসুম হত্যা মামলাও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে তিনি জানান।
সভায় ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ও পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলার সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।