যশোরের চৌগাছায় সাকিব হোসেন (১০) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ডান চোখ উপড়ানো ছিল।
নিহত সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে তার নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থাকত এবং স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক জানান, রোববার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। গতকাল সকাল ৬টার দিকে স্থানীয়রা স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ক্যানালে (খাল) তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তার ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আটকে পুলিশ কাজ করছে।