পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। ১০ ফুট লম্বা ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে চামড়া ওঠানো। গতকাল দুপুরে কুয়াকাটা সৈকতের গঙ্গমতি ফরেস্টারঢালা নামক এলাকায় এটিকে দেখতে পান কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সদস্য রহমান বিশ্বাস। পরে ডলফিনটিকে মাটিচাপা দিয়ে রাখা হয়।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, দেখে মনে হচ্ছে এটি জোয়ারে ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির ডলফিন, যা দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের কাছে নদীর মোহনায় দেখা যায়।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এখানে পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক। তাদের সহযোগিতায় মাটিচাপা দেয়া হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ১০টি ডলফিনের মৃতদেহ ভেসে আসে। উপকূলীয় এলাকাজুড়ে তারা ডলফিন নিয়ে কাজ করছেন।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি বলেন, ‘ডলফিনের মৃতদেহ ভেসে আসা অনেক পুরনো ঘটনা। বর্ষা মৌসুমে এগুলো বেশি দেখা যায়। উন্নত বিশ্বগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় আমাদের থেকে বেশি এগিয়ে। আসলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে যতদিন সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসবে ততদিন এ সমস্যার সমাধান হবে না।’