রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রিজভী আরো জানান, বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করল ক্ষমতাসীন দল বিএনপি। দলটির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বর্ষীয়ান নেতাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটি ও গুরুত্বপূর্ণ নেতাদের বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

রিজভী আরো জানান, বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে দাখিল করতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট, অর্থাৎ ভোট গ্রহণের দুইদিন আগে।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমদকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

ইসি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল না হলে ১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ২০ আগস্ট জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে ৩৪৯ জন এমপি ভোট দেবেন। চট্টগ্রাম-৪ আসনে জয়ী প্রার্থীকে আদালত অযোগ্য ঘোষণা করায় আসনটি শূন্য রয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘২০ আগস্ট ভোট হবে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। অধিবেশন কক্ষে মাননীয় সংসদ সদস্যরা তাদের আসনে বসবেন।’

গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল দেয় ইসি।

আরও