নরসিংদীর পলাশে এক পাওয়ারলোম শ্রমিককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম এমরান ওরফে নয়ন বাবু (৩৫), তিনি মোস্তফার পাওয়ারলোমে কাজ করতেন। তিনি একই গ্রামের আমির ইসলামের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার রাতে বাড়ির পাশে মোস্তফার পাওয়ারলোমে ডিউটি করতে যান এমরান। পরে রাত ৩টার দিকে পাওয়ারলোম থেকে বের হলেও আর ফেরেননি। সোমবার ভোর ৫টার দিকে পাওয়ারলোমটির আরেক শ্রমিক বাইরে বের হলে এমরানকে মিলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে এমরানকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে ঢাকা নেয়ার পথে এমরান মারা যান।
নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে জানান, কামাল নামে এমরানের এক বন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। কিছুদিন আগেও কামাল রাত ১২টার সময় এসে এমরানকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আজ (মঙ্গলবার) দুপুরে কামালের বিদেশে চলে যাওয়ার কথা। স্বামী হত্যাকারীদের বিচার চান তিনি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।