মাদারীপুরে আগুনে পুড়ল গুদামে রাখা টিসিবির পণ্য, ১০ লাখ টাকার ক্ষতি

গুদামে মজুদ থাকা সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের তাপে গুদামের দেয়াল ও দরজাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুদ থাকা ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। বুধবার (১৮ জুন) দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া পাটগুদাম-সংলগ্ন মেসার্স মোল্লা ট্রেডার্স নামের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ লাখ টাকার সরকারি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। পরিদর্শন শেষে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

গুদামে মজুদ থাকা সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়ে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা ডাল, চিনি ও অন্যান্য পণ্য পুড়ে কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের তাপে গুদামের দেয়াল ও দরজাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশেই একটি পাটের গুদাম ছিল। আগুন নিয়ন্ত্রণে আসায় সেটি অক্ষত রয়েছে।’

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া সাবাব বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আরও