রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা ১১টার দিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে।
২০২৬ সালের একুশে পদকের জন্য অভিনয় ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা ও চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।
স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ ও পালাগানে ইসলাম উদ্দিন পালাকার এ বিশিষ্ট সম্মাননায় ভূষিত হয়েছেন। সাংবাদিকতায় মনোনীত হয়েছেন শফিক রেহমান।
শিক্ষাক্ষেত্রে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস। সেইসঙ্গে সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজকে প্রতিষ্ঠান হিসেবে একুশে পদকে ভূষিত করা হয়েছে।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম বৈঠক। এছাড়া আজ বিকালে বাংলা একাডেমিতে ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।