গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও জামালপুরে আরো দুজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গাইবান্ধা: সাদুল্লাপুর শহর থেকে একটি কাভার্ড ভ্যান গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় একটি অটোরিকশাকে সাইট দিতে গিয়ে অন্য একটি অটোরিকশাকে চাপা দেয় কাভার্ট ভ্যানটি। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো চার যাত্রী। নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর: জেলার বিরামপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আরেকটি অটোরিকশার চাপায় মেহেনাজ বেগম (৪০) এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে পৌর শহরের ভেলার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেনাজ বেগম উপজেলার শিবপুর গ্রামের তোজাম মোল্লার স্ত্রী। অসুস্থ বাবাকে দেখতে বিরামপুর উপজেলার শিবপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
জামালপুর: জেলার মাদারগঞ্জে ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন। গতকাল সকাল ৮টার দিকে মাদারগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। তবে অটোরিকশা চালক পলাতক রয়েছেন। নিহত শিশু জাহিল মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা মামুনের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।