মেহেরপুর শহরের টিঅ্যান্ডটি সামনে সড়ক দুর্ঘটনায় মুজিবনগর ডিগ্রী
কলেজের প্রদর্শক অহিদুল ইসলাম (৫৪) নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৮ টার
দিকে এ দুর্ঘটনা ঘটে। অহিদুল ইসলাম গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। তিনি মুজিবনগর ডিগ্রি
কলেজের রসায়ন বিভাগের প্রদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের জন্য বের হয়েছিলেন তিনি। পারিবারিক কেনাকাটা করতে বাজারে যাওয়ার কথা ছিল তার । হঠাৎ খোঁজ মেলে তিনি আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষ হলে শহরের টিঅ্যান্ডটির সামনের সড়কের পাশে তৌহিদুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অহিদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে দেখে মেডিকেল অফিসার শরিফুল ইসলাম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে নিহতের মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে আরো বিস্তারিত জানা যাবে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনি মিয়া জানান, কী ধরনের
যানবাহনের ধাক্কায় অহিদুল ইসলামের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নয়। সেটি জানার চেষ্টা
করছে পুলিশ।