মেহেরপুরের গাংনী-কাথুলী সড়কের ইবাদতখানা এলাকায় ট্রাক চাপায় মোকলেছুর রহমান বান্টু (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোকলেছুর রহমান বান্টু গাংনীর সাহারবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোকলেছুর রহমান বান্টু গাংনী বাজার থেকে মোটরসাইকেলে সাহারবাটি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। ইবাদতখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।
অবস্থা গুরুতর দেখে ট্রাকের চালক ও তার সহকারী সেটি সাহারবাটি বাজারে রেখে পালিয়ে যান। স্থানীয়রা মোকলেছুর রহমান বান্টুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকটিকে স্থানীয় সাহারবাটি বাজার থেকে আটক করে থানায় নেয়া হয়েছে। চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে।