বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের ভুয়া বিজ্ঞপ্তি, প্রশাসনের সতর্কতা জারি

বান্দরবান জেলা প্রশাসনের নাম ব্যবহার করে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী এলাকায় পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষণা-সংবলিত একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ দেখা দিলে প্রশাসন সতর্কতা জারি করে জানায়, সব পর্যটনকেন্দ্র আগের মতো খোলা রয়েছে।

আজ মঙ্গলবার এ ধরনের অপপ্রচার ঠেকাতে এবং জনমনে বিভ্রান্তি দূর করতে বিশেষ সতর্কতা জারি করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস।

এতে বলা হয়, সম্প্রতি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের স্বাক্ষর-সংবলিত জেলার বিভিন্ন স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি ভুঁয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে প্রচার করা হচ্ছে। এটি স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা শাখা থেকে চলতি মাসের ২১ তারিখ মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তির স্বাক্ষর করা। প্রকৃতপক্ষে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে এ ধরনের কোনো শাখা ও ওই নামে কোনো ব্যক্তিও কর্মরত নেই।

এতে আরো বলা হয়, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। প্রচার হওয়া বিজ্ঞপ্তি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ হয়েছে।

আরও