সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৭১৫ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৮১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৫০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৮৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ১৯৪ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১ হাজার ৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে পাঁচজন মারা গেছে, তাদের তিনজন ঢাকা বিভাগের। একজন চট্টগ্রাম বিভাগের। অপরজন খুলনা বিভাগের।