ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

যশোর থেকে কাঁচামাল নিয়ে রাজধানীর কাওরান বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। এ সময় নিমতলা আন্ডারপাস অতিক্রমকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে, সামনে থাকা আরো একটি অজ্ঞাত গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে, ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এক্সপ্রেসেরওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে রাজধানীর কাওরান বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। এ সময় নিমতলা আন্ডারপাস অতিক্রমকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরো একটি অজ্ঞাত গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, ফলে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। তবে দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়।

নিহত চালকের নাম সুজন (৩৭)। তিনি যশোর জেলার রাজারহাট, কতোয়ালী উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার ইছারুলকে (২৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানাতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও