ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ঢাবির অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। এরই মধ্যে তিনি কমিশনের চেয়ারম্যানের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন।

শিক্ষা ও গবেষণায় দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ড. মামুন আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২০২৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের অ্যাডেলফি বিশ্ববিদ্যালয় থেকে ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপ অর্জন করেন। এর আগে ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপানে জাপান ফাউন্ডেশন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট লাভ করেন। এছাড়া যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট ইন ল' ডিগ্রি অর্জনের পাশাপাশি মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিও অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা লাভ করেন।

ড. মামুনের গবেষণার প্রধান ক্ষেত্রের মধ্যে রয়েছে জাপানিজ স্টাডিজ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, উন্নয়ন পরিকল্পনা, উন্নয়ন সমাজবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিজ্ঞান ও উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা। দেশ-বিদেশে তার দীর্ঘ শিক্ষকতা ও গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাজ্যের University of Derby ও Leeds Trinity University, জাপানের Tokyo University of Foreign Studies ও Kobe University, ভারতের Jawaharlal Nehru University এবং ইন্দোনেশিয়ার Universitas Indonesia–এ শিক্ষকতা ও লেকচার প্রদান করেছেন।

এছাড়া তিনি সরকারের Economic Relations Division (ইআরডি), মন্ত্রিপরিষদ বিভাগ, National Academy for Planning and Development (এনএপিডি), বাণিজ্য মন্ত্রণালয়, BRAC, USAID, UNDP, JETRO, Japan Foundation এবং Japan-Bangladesh Chamber of Commerce and Industries–সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

গবেষণা ও প্রকাশনাতেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ড. মামুনের প্রকাশিত বই, বইয়ের অধ্যায় ও গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫০টির বেশি। তার গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি Springer, Routledge, Palgrave Macmillan এবং Emerald Publishing–এর মতো আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা থেকে তার বই ও বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে।

আরও