ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় অনিয়ম ও কারচুপি করে ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে, সেটা স্বাভাবিক। সেই জয়-পরাজয় যদি স্বাভাবিকভাবে হয়, তাহলে সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু সেখানে যদি বড় ধরনের কোনো বৈষম্য বা অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করে।
তিনি বলেন, আপনারা লক্ষ্য করেছেন, আজ দেশের বিভিন্ন জায়গায় ১১ দলীয় নির্বাচনী জোটের কর্মী, সমর্থক, এজেন্ট ও ভোটারদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। এটা ফ্যাসিবাদী তৎপরতা।
তিনি আরো বলেন, এর সম্পূর্ণ দায় তাদের নিতে হবে, যারা এ ধরনের অপকর্মে লিপ্ত হবেন। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকেন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট পর্যবেক্ষণ ও আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে।
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি তারা সরকার গঠন করেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা হবে তাদের দায়িত্ব। কিন্তু এখন এগুলো কিসের আলামত? এগুলো বন্ধ করতে হবে। সেটা যদি বন্ধ করা না হয়, আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হব।
জামায়াত আমির বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করবে হবে, এর কোনো পরিবর্তন আমরা দেখতে চাই না। গণভোটে ‘হ্যা’ বিজয়ী হয়েছে, যারা সরকার গঠন করবেন, সেটা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব। কেউ যদি এড়িয়ে চলতে চান, এ বিষয়ে আমরা থেমে থাকব না, আমাদের দায়িত্ব পালন করব।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।