সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
ডা. শংকর জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৪ জন। আর ছাড়পত্র পেয়েছে ৩৬ জন। হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন ভর্তি রোগী ১২৫ জন। এছাড়া এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৩৯১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
চলতি মৌসুমে রামেক হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে।
হাম উপসর্গে রামেকে চিকিৎসা নিতে আসা শিশুদের সেবার প্রসঙ্গে ডা. শংকর জানান, রামেক হাসপাতালের ১০, ২৪ ও ২৬ নাম্বার ওয়ার্ড নিয়ে শিশু বিভাগ গঠিত। এতে মোট বেড রয়েছে ২০০টি। এছাড়া অতিরিক্ত একটি ৪০ বেডের ওয়ার্ডকে আইসোলেটেড রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে প্রতিটি শিশু বিভাগের মধ্যে ২টি করে মোট ৬টি হাম কর্নার রয়েছে। যেখানে ১৮ জন শিশু আলাদাভাবে চিকিৎসা পায়। সম্প্রতি মেডিসিন বিভাগে আরও ২৪টি বেডের সুবিধা সম্পন্ন সাইসোলেটেড ওয়ার্ডের ব্যবস্থা করেছে রামেক কর্তৃপক্ষ। সবমিলিয়ে হাম আক্রান্ত বা উপসর্গে ভর্তি রোগীদের জন্য মোট ৮২টি আইসোলেটেড বেড সুবিধা রয়েছে।