সারা দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ট পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্য হামে মারা গেছে ১ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৯ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৯১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১ জন করে শিশু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এছাড়া হামে ঢাকা বিভাগের ১ শিশু মারা গিয়েছে।
সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৬ জন শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩৯৭ জন শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ১০১ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৩৯৬ শিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৭৫ হাজার ৭০৮ শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ শিশু। তাদের মধ্যে ৯ হাজার ২৬০ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫৭ হাজার ৪৩।