মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ঢালে নিউ গ্রিন লাইন এক্সপ্রেসের একটি বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতদের মধ্যে মাগুরা সদর উপজেলার সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩) রয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সিগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হলেও বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয়।