বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নদের বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহ জেলার মাসকান্দায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
জানা গেছে, গতকাল দুপুরের পর ১৩ পর্যটকের একটি দল দুটি ইঞ্জিনচালিত নৌকায় তিন্দু মুখ এলাকা থেকে বড় পাথরের উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে নৌকা দুটি। উজানের দিকে যাওয়ার এক পর্যায়ে নদের খড়স্রোতে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ওই নৌকায় থাকা এক পর্যটক নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, পর্যটকদের ওই দলটি আলীকদম উপজেলা হয়ে এসেছে। জেলা সদর থেকে চিম্বুক বা ১২ মাইল সেনা ক্যাম্প, নীলগিরি সেনা ও বলিপাড়া বিজিবি চেক পোস্টের কড়া পাহারা এড়াতে পর্যটকরা মূলত আলীকদম উপজেলা সদর হয়ে থানচির বিভিন্ন স্থানে যাতায়াতের চেষ্টা করেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, আলীকদম হয়ে তিন্দু ভ্রমণে যাওয়া আগে প্রশাসনের কাছে নিজেদের পরিচয় নিবন্ধন করেননি ওই দলের পর্যটকরা। ফলে নিখোঁজ পর্যটকের পরিচয় এখনো নিশ্চিত হয়নি প্রশাসন। তবে দুর্ঘটনার পর তিন্দুর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।
নিখোঁজ পর্যটকের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রহিদুর রহমান।