ডিজেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ঘটবে না: বাণিজ্যমন্ত্রী

ডিজেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি ঘটবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরের জিয়া হল প্রাঙ্গণে আয়োজিত ‘বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির হিসাব দেখিয়ে বলেন, ‘একটি ট্রাক ২০০ কিলোমিটার পথ অতিক্রমে প্রায় ৩০ লিটার ডিজেল ব্যবহার করে, যার ফলে ডিজেলের মূল্যবৃদ্ধিতে অতিরিক্ত ব্যয় হয় প্রায় ৪৫০ টাকা। এতে ১০ হাজার কেজি পণ্য পরিবহনে প্রতি কেজিতে প্রায় ৪০-৪৫ পয়সার বেশি খরচ বাড়েনি।’

সঠিক তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ করে মন্ত্রী বলেন, ‘মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সঠিক তথ্য বাদ দিয়ে জল্পনা-কল্পনা অ্যালাউ করলে এর সীমা-পরিসীমা থাকে না। সুতরাং কেউ যদি বলে পণ্যের দাম বেড়েছে ডিজেলের দাম বাড়ার কারণে—এটার তথ্য যাচাই করে আপনারা উপযুক্ত জবাব দেবেন।’

রফতানি খাতে মন্দাভাব প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘রফতানিতে মন্দাভাব হঠাৎ তৈরি হয়নি। এটা শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিক বাণিজ্যে আরো প্রভাব পড়েছে। তবে সরকার কম জ্বালানিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণ এবং গ্যাস সরবরাহ বাড়াতে এলএনজি আমদানি সক্ষমতা বাড়ার উদ্যোগ নিয়েছে।’

আরও