যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় ইকবাল মঞ্জিল নামে আটতলা একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দিনাজপুরের প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের নুরু মিয়া (৪৫)। নুরু মিয়া সাব-কন্ট্রাক্টরের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভবনের ষষ্ঠ তলার সানসেটে তিনজন দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই প্রকৌশলী মারা যান। গুরুতর আহত অবস্থায় নুরু মিয়াকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভবনের শ্রমিক মুজিবর রহমান জানান, সকাল থেকে তারা ভবনের পশ্চিম পাশে কাজ করছিলেন। তখন হঠাৎ করে নির্মাণাধীন কার্নিশ ভেঙে তিনজন নিচে পড়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিরুল ইসলাম জানান, দুজন ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে আনার পর আরো একজনের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
সার্কিট হাউজপাড়ার বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ বলেন, ভবনের ৬ তলার একপাশের নির্মাণ কাজ শেষ হলেও পশ্চিমপ্রান্তের কাজ চলছিল। সেই অংশের কার্নিশ ভেঙে দুর্ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, ত্রুটিপূর্ণ নকশা, নিম্নমানের নির্মাণ সামগ্রী ও সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই দুর্ঘটনা ঘটেছে।
বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজার বাবলু রহমান জানান, ২০১০ সালে এ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।