পটুয়াখালীর কলাপাড়ায় ১৩৬টি ভূমিহীন পরিবারের পুনর্বাসন দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এ স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মেজবাহ উদ্দিন মাননু, কবির তালুকদার, দুলালী বেগম প্রমুখ। ভূমিহীন হওয়ায় এর আগে পরিবারগুলোকে জেলার ইটবাড়িয়া গ্রামের আন্ধারমানিক নদীতীরে বেড়িবাঁধের ঢালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে কলোনি করে বসবাসের অনুমতি দেয় সরকার। দীর্ঘ বছর তারা সেখানে বসবাস করে আসছিলেন। সম্প্রতি পায়রা বন্দরের প্রথম টার্মিনাল থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক পর্যন্ত সড়ক নির্মাণে পরিবারগুলোকে উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিয়ে গতকাল প্রশাসনকে স্মারকলিপি দেন ক্ষতিগ্রস্তরা।