মৌলভীবাজারে রেলপথ সংস্কারসহ আট দাবিতে ট্রেন অবরোধ

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট শুরু করলে অবরুদ্ধ হয়ে পড়ে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন।

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন অবরোধ করেছে এলাকাবাসী। গতকাল কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট শুরু করলে অবরুদ্ধ হয়ে পড়ে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়াল গেজ ডাবল লাইনে উন্নীতকরণসহ আট দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাসে পরে ধর্মঘট প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

আট দফা দাবি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম জানান, আড়াই মাস ধরে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে গেলে বিক্ষোভকারীরা ট্রেনটি অবরোধ করে।

তবে আন্দোলনকারীরা বলছেন, আগামী ১৫ দিনের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দাবির ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তখন একযোগে গোটা সিলেটে ট্রেন অবরোধ করা হবে।

তারা বলেন, আড়াই মাস ধরে শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ প্রতিকার না করায় আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হয়েছি। রেল যোগাযোগের ক্ষেত্রে সিলেট বিভাগ সবসময় বৈষম্যের শিকার হচ্ছে। সিলেট বিভাগের রেল লাইন সবচেয়ে বেশি অবহেলিত ও উন্নয়নবঞ্চিত। সারা দেশের তুলনায় সিলেট বিভাগ উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অথচ রেল বিভাগ আয়ের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যদি দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, শুধু অবস্থান ধর্মঘট নয় আগামীতে গোটা সিলেটজুড়ে রেল অবরোধের ডাক দেয়া হবে।

কুলাউড়া জংশন স্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশনে, সিলেট রেলস্টেশন, শ্রীমঙ্গল, ভাটেরা, টিলাগাঁও, লংলা রেলস্টেশনে বিভিন্ন সময় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায়ে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেয়া হয়েছে।

আরও