গত কয়েকদিনের মধ্যে রাজধানী ঢাকার বায়ুমানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পাকিস্তানের লাহোরের পরই, দুই নম্বরে ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, আজ সকাল ১০টা ৩৭ মিনিটে ঢাকার বায়ুমান ছিল ২৫৬।
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সবার উপরে লাহোর— স্কোর ২৭৭। এরপরের দুটি অবস্থানেই ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি। বাতাসের স্কোর যথাক্রমে ২৪৫ ও ২৪০। ২০৫ স্কোর নিয়ে তালিকার পাঁচ নম্বরে কুয়েতের রাজধানী কুয়েত সিটি।
অর্থাৎ, তালিকার শীর্ষ পাঁচ শহরের বায়ুমান একই ক্যাটাগরিতে অবস্থান করছে—‘খুবই অস্বাস্থ্যকর’।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।