রংপুরে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত
হয়েছেন আরো চার জন। নিহত বৃদ্ধার নাম সন্ধ্যা রানী।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের
তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাড়িকাটা গ্রামে সন্ধ্যা
রানীর বাড়ি বলে জানা গিয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টায়
নিজ বাড়ি থেকে রিকশাভ্যানে করে দুই নাতনীকে নিয়ে সন্ধ্যা রানী তারাগঞ্জ বাজারে
নাতনীদের নতুন জামা কেনার উদ্দেশ্যে বের হন। রংপুর-দিনাজপুর
মহাসড়ক দিয়ে রিকশাভ্যানটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে সকাল সাড়ে ১০টায় দিনাজপুরগামী একটি মাইক্রোবাস তাদের রিকশাভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে
যায়। এতে ঘটনাস্থলে মারা যান সন্ধ্যা রানী।
এ সময় শিশু অনুপম রানী, অনু রানী, যাত্রী ময়না রানী (৩৪) ও রিকশাভ্যান চালক ডালিম রায় গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল
ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। মাইক্রোবাসটি
তারাগঞ্জ চৌপথী এলাকায় রেখে চালক পালিয়ে গেছে। দুমড়ে মুচড়ে যাওয়া রিকশাভ্যান ও
মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে আছে।