বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ রাজধানী শহর ঢাকার অবস্থান চার নম্বরে। স্থানীয় সময় সকাল ১১টায় ১৮৭ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। অন্যদিকে, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুসারে, এ তালিকায় সবার শীর্ষে আজ ভারতের রাজধানী নয়াদিল্লি। ৬৩৪ স্কোর নিয়ে নয়াদিল্লীর বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’।
৩৩৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের শহর লাহোর। ১৯৪ স্কোর নিয়ে তৃতীয় কুয়েত সিটি। পঞ্চম অবস্থানে পাকিস্তানের শহর করাচি।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।