বিশ্বে নেতিবাচক অভিজ্ঞতার সূচকে থাকা দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। সম্প্রতি সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখী এবং অবসাদগ্রস্ত দেশের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জনমত জরিপকারী সংস্থা গ্যালপ। সেখানে সর্বোচ্চ নেতিবাচক অভিজ্ঞতার সূচকে প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ২০২১ ও ২০২২ সালের শুরুর দিকে বিশ্বের ১২২টি দেশের ১ লাখ ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে গ্যালপ এ তালিকা প্রকাশ করে। তালিকার নাম ‘গ্লোবাল ইমোশনস রিপোর্ট-২০২২ ’।
গ্যালপ বলছে, এবার বিশ্বের ১২২টি দেশের এক লাখের বেশি মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে। ৫৬ স্কোর নিয়ে তালিকার প্রথমে আফগানিস্তান। বাংলাদেশে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে মার্চের ৩০ তারিখ পর্যন্ত প্রায় ১ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপ চালানো হয়।
গ্লোবাল ইমোশনস রিপোর্টে চারটি বিভাগ রয়েছে—সর্বনিম্ন ইতিবাচক অভিজ্ঞতা সূচক, সর্বোচ্চ ইতিবাচক অভিজ্ঞতা সূচক, সর্বনিম্ন নেতিবাচক অভিজ্ঞতা সূচক ও সর্বোচ্চ নেতিবাচক অভিজ্ঞতা সূচক। এসব সূচক নির্ধারণ করা হয়েছে মানুষের রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষাদের অভিজ্ঞতার আলোকে।
গ্যালপের প্রতিবেদন বলছে, রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষাদের দিক থেকে একেবারে শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। দেশটির স্কোর ৫৯। সেখানে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫। একই স্কোর নিয়ে ৭ম অবস্থানে আছে ইকুয়েডর ও গিনি। এ ছাড়া ৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে লেবানন এবং ৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাক।
অন্যদিকে সর্বোচ্চ ইতিবাচক অভিজ্ঞতা তথা সবচেয়ে কম নেতিবাচক অভিজ্ঞতার দেশের তালিকায় শীর্ষে আছে পানামা। দেশটির স্কোর ৮৫। এ ছাড়া ৮৪ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া ও প্যারাগুয়ে। আর ৮২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তিনটি দেশ—এল সালভাদর, হন্ডুরাস ও নিকারাগুয়া।
গ্যালপের সিইও জন ক্লিফটন স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেয়া ব্যক্তিদের কাছে শারীরিক ব্যথা, উদ্বেগ, দুঃখ, চাপ এবং রাগ অনুভব করেছেন কিনা এমন প্রশ্ন করা হয়েছিল। এসব প্রশ্নের উত্তরের ভিত্তিতেই নেতিবাচক অভিজ্ঞতা সূচক তৈরি করা হয়েছে। এসব প্রশ্নের উত্তরে ৪২ শতাংশ মানুষ বলেছেন, তারা অনেক বেশি উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন, যা ২০২০ সালের তুলায় দুই শতাংশ বেড়েছে। এ ছাড়া প্রতি দশজন উত্তরদাতার মধ্যে তিনজন বলেছেন, তারা শারীরিক ব্যথা পেয়েছেন। যা মোট উত্তরদাতার ৩১ শতাংশ। প্রতি চারজনের একজন বলেছেন, তারা অনেক বেশি দুঃখ পেয়েছেন। যা মোট উত্তরদাতার ২৮ শতাংশ।