মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটবাউর এলাকায় রহমান সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে আটটি গরু নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রাক। এতে চালক ছাড়াও কয়েকজন যাত্রী ছিলেন। একই সময়ে মানিকগঞ্জ থেকে আরিচাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী যাচ্ছিলেন। ভাটবাউর এলাকায় পৌঁছালে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অপর দুজন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকচালকসহ আরো চারজন আহত হন। তবে ট্রাকে থাকা আটটি গরুর বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন গরুর মালিক মো. জিয়াউর রহমান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও