টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিসি) প্রশিক্ষণের সময় মাসুম মিয়া (১৯) নামে এক প্রশিক্ষণার্থী কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সকালে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেয়ার সময় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে হেলিকপ্টারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, প্রশিক্ষণের সময় মাসুম গুলিবিদ্ধ হন। তার বাম পাঁজরে গুলি লেগে পিঠ দিয়ে বেরিয়ে যায়।
পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল সকালে মাসুম অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় বন্দুকের গুলির মিস ফায়ারে হঠাৎ তিনি গুলিবিদ্ধ হন।
মাসুম মিয়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রংচী গ্রামের বকুল মিয়ার ছেলে। তিনি গত অক্টোবরে প্রশিক্ষণার্থী হিসেবে মহেড়াতে আসেন। আগামী ৩ ফেব্রুয়ারি তার প্রশিক্ষণ শেষ হওয়ার কথা।