যশোরের অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামে বজ্রপাতে ফশিয়ার রহমান মোল্যা (৭৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় নিজের জমিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
ফশিয়ার রহমান বনগ্রামের মৃত মোসলেম আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রাজিব হাসান জানান, ফশিয়ার রহমান বাড়ির পাশের বিলে নিজের জমিতে কাজ করছিলেন। সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে আহত হয়ে বিলে পড়ে যান। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহিউদ্দিন বলেন, রাত ৮টার দিকে মৃত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তার বুক, পেট ও ডান হাতে পোড়া দাগ ছিল। বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।