প্রস্তাবিত বাজেটে সিম কর প্রত্যাহার আংশিক স্বস্তি, পূর্ণ সমাধান নয়: মহিউদ্দিন আহমেদ

শুধুমাত্র সিম কর প্রত্যাহার করলেই গ্রাহকদের প্রকৃত স্বস্তি নিশ্চিত হবে না। বর্তমানে মোবাইল সেবা ও ইন্টারনেট ব্যবহারের ওপর যে উচ্চ হারে ভ্যাট, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর আরোপিত রয়েছে, তা গ্রাহকদের ওপর একটি বড় আর্থিক চাপ সৃষ্টি করছে

প্রস্তাবিত জাতীয় বাজেটে নতুন সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এ সিদ্ধান্ত দেশের সাধারণ মোবাইল গ্রাহকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ, যা ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে।

সিম কর প্রত্যাহারের ফলে নতুন সংযোগ গ্রহণ সহজ হবে জানিয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এটি একটি বড় স্বস্তি বয়ে আনবে। এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা ও ই-গভর্নেন্সের মতো ডিজিটাল সেবায় গতি আসবে।

তবে একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মহিউদ্দিন আহমেদ বলেন, শুধুমাত্র সিম কর প্রত্যাহার করলেই গ্রাহকদের প্রকৃত স্বস্তি নিশ্চিত হবে না। বর্তমানে মোবাইল সেবা ও ইন্টারনেট ব্যবহারের ওপর যে উচ্চ হারে ভ্যাট, সম্পূরক শুল্ক ও অন্যান্য কর আরোপিত রয়েছে, তা গ্রাহকদের ওপর একটি বড় আর্থিক চাপ সৃষ্টি করছে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, দেশের টেলিযোগাযোগ খাতকে গ্রাহকবান্ধব করতে হলে মোবাইল সেবার ওপর আরোপিত অতিরিক্ত কর হ্রাস করতে হবে, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে। গ্রামীণ এলাকায় নেটওয়ার্কের মান উন্নত করতে হবে। সেইসঙ্গে ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সবশেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে টেলিযোগাযোগ খাতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ অত্যন্ত জরুরি, যাতে দেশের প্রতিটি নাগরিক সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা পেতে পারে।

আরও