কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও একটি শিশু রয়েছে। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে তারা গ্রেফতার হয়। দেশটির বিভিন্ন কারাগারে তারা সাজাও করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে তাদের আমানগণ্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বিজিবি।
বিজিবি জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফের একটি দল ও বিজিবি আমানগণ্ডা বিওপি কমান্ডার মো. মোস্তফার নেতৃত্বে একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। বিজিবির কাছে হস্তান্তর করা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া ভারতে গিয়ে তারা গ্রেফতার হয়। তারা দেশটির বিভিন্ন কারাগারে সাজাও ভোগ করেছে।
আমানগণ্ডা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা জানান, দুপুরে ১৯ জনকে সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে হস্তান্তর করেছে বিএসএফ। তাদের তথ্য, নাম ঠিকানা যাচাই করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাদের চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হবে।