শুধু মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আটকে থাকবে না বাংলাদেশ: আসিফ নজরুল

রেমিট্যান্স পাঠানো সহজ করার বিষয়ে আসিফ নজরুল বলেন, সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা, প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে। কেয়ার গিভারদের ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

শুধু মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজারে আটকে থাকতে চান না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, মধ্যপ্রাচ্য আর আরব আমিরাতে আমরা আটকে থাকব না, বাংলাদেশের শ্রমবাজার নিয়ে সেভাবেই কাজ করা হচ্ছে। জুলাই অভ্যুত্থানে সংহতি জানানো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য প্রবাসীদের কারাগার থেকে মুক্ত করার পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করেছে বলে জানান তিনি।

বুধবার (২০ আগস্ট) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বিদেশে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, আরব আমিরাতসহ কয়েকটি দেশে ল’ফার্ম করা হয়েছে এবং হচ্ছে। সৌদি আরবে যারা জুলাই অভ্যুত্থানকে সমর্থন দেয়ার আটক হয়েছিলেন, তাদের মধ্যে ১ হাজার ৮৭৬ জনকে ছেড়ে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

উপদেষ্টা আরো বলেন, সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেল গত এক বছরে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ব্রুনাই, ফিজি, রাশিয়া, জাপান, মালয়েশিয়া এবং মালদ্বীপে ১৬ হাজারের বেশি কর্মী পাঠিয়েছে। এটি আগের এক বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। মৌসুমি কর্মী পাঠানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরো দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে। সিজনাল ও নন-সিজনাল কর্মী প্রেরণের জন্য বাংলাদেশ ও ইতালির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ওমান, সার্বিয়া, স্পেন, অস্ট্রিয়া, মাল্টা ও মরিশাসের সঙ্গে সমঝোতা স্বারক সাক্ষর চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বন্ধ থাকা শ্রমবাজার ইরাকে কর্মী পাঠানোর বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষরের জন্য ইরাকের উচ্চপদস্থ টিম বাংলাদেশে আসবে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকারের হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে। মালয়েশিয়ায় যারা আগের চুক্তির আওতায় যেতে পারেননি, তাদের মধ্য থেকে প্রথম ধাপে ৮ হাজার শ্রমিক পাঠানো হচ্ছে। আগের সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী মালয়েশিয়া নিজস্বভাবে তালিকা থেকে শ্রমিক নির্বাচন করছে এবং এই চুক্তি এখনো বলবৎ রয়েছে।

রেমিট্যান্স পাঠানো সহজ করার বিষয়ে তিনি বলেন, সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা, প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার ১ শতাংশ কমানো হয়েছে। কেয়ার গিভারদের ৬ মাসের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, এক বছরে দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আইনগত পরিবর্তন এবং সংস্কার হয়েছে। তবে এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব না, ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে সত্যিকারের পরিবর্তন সম্ভব হবে। রিক্রুটিং এজেন্সিগুলোকে স্বচ্ছতার আওতায় আনতে কাজ করা হচ্ছে, তবে ফেক ডকুমেন্টেশন বন্ধের প্রক্রিয়া একদিনে সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আইএলও-এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্মের (ওইপি) উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আরও