পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত–৪–এর বিচারক রবিউল আলম এ দুই মামলার রায় ঘোষণা করেন।
মামলাগুলোর মধ্যে একটিতে অভিযুক্ত ছিলেন আজমিনা সিদ্দিক। সে মামলার রায়ে তাকে ৭ বছর, টিউলিপ সিদ্দিককে ২ বছর এবং শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।
অন্য মামলাটি ছিল রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে। এ মামলায় ববিকে ৭ বছর, টিউলিপকে ২ বছর ও শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এখানেও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা ও জরিমানা পরিশোধ না করলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
এর আগে ১৩ ও ১৮ জানুয়ারি আদালত এই দুটি মামলার রায় ঘোষণার জন্য আজকের তারিখ (সোমবার) নির্ধারণ করেছিলেন।