নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল। আজ সকালে সাখাওয়াত হোসেন বাড়ির পাশের নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল জানান, সকালে ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে তার মৃত্যু হয়।